ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ক্রীড়াকে পেশা হিসেবে গড়ার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৯ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্ব মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ বৈপ্লবিক পরিকল্পনার কথা জানিয়েছেন নবনিযুক্ত যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গতকাল মঙ্গলবার মিরপুর পল্লবীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার প্রধান লক্ষ্য হচ্ছে খেলাধুলাকে একটি সম্মানজনক ‘পেশা’ হিসেবে প্রতিষ্ঠিত করা। আমিনুল বলেন, ‘আমাদের স্লোগান হবে- ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা।’

মঙ্গলবার সংসদ ভবনে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েই মিরপুর পল্লবীতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন আমিনুল। সেখানে নবনিযুক্ত প্রতিমন্ত্রী তার কর্মপরিকল্পনা তুলে ধরে জানান, এখন থেকে জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। দেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে ৪৯৫টি উপজেলায় নতুন করে ক্রীড়া অফিসার ও ১৫ জন করে বিশেষায়িত ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে প্রায় ৭ হাজার ৯২০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে, যা সাবেক খেলোয়াড়দের জন্য বড় একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে।’

খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে আমিনুল হক জানান, ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি প্রতিটি ফেডারেশনের জাতীয় দলের খেলোয়াড়দের সরকারি বেতনের আওতায় আনা হবে। এছাড়া ঢাকা মহানগরের প্রতি দুটি ওয়ার্ডের জন্য অন্তত ৩ থেকে ৪ বিঘা আয়তনের একটি খেলার মাঠ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। আন্তর্জাতিক বাজারের কথা মাথায় রেখে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ‘স্পোর্টস ইন্ডাস্ট্রি’ তৈরির পরিকল্পনাও রয়েছে তার, যার মাধ্যমে দেশের তৈরি ক্রীড়া সামগ্রী বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

বিগত দিনের অস্থিতিশীল ক্রীড়াঙ্গনের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়, সংগঠক এবং সাংবাদিকদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ঘুচিয়ে একটি পারিবারিক পরিবেশ তৈরি করা হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমি অবকাঠামো নয়, বরং খেলোয়াড়দের সুযোগ-সুবিধার দিকে বেশি মনোযোগী হতে চাই।’

এসকেডি/আইএইচএস/