চ্যাম্পিয়ন্স লিগ নকআউট
নিউক্যাসলের শক্তি নিয়ে সতর্ক বার্সেলোনা
ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো তথা নকআউট পর্ব শুরু হচ্ছে আজ। প্রথম পর্বেই ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তার আগে নিজের দল বার্সাকে সতর্ক করলেন কোচ হান্সি ফ্লিক। তার মতে, বিশ্বের সেরা লিগে খেলার অভিজ্ঞতা নিউক্যাসলকে বার্সেলোনার জন্য বড় হুমকিতে পরিণত করতে পারে।
মঙ্গলবার প্রথম লেগের ম্যাচে ইংল্যান্ডের সেন্ট জেমস পার্কে খেলতে নামবে বার্সেলোনা। এই ম্যাচে কাগজে-কলমে এগিয়ে আছে স্প্যানিশ ক্লাবটি। পাঁচবারের ইউরোপ সেরা বার্সেলোনা বর্তমানে স্পেনের লিগের শীর্ষে রয়েছে এবং দলে রয়েছে অনেক তারকা ফুটবলার।
অন্যদিকে নিউক্যাসল ইউনাইটেড ইংল্যান্ডের লিগে বর্তমানে ১২তম স্থানে রয়েছে এবং ইউরোপের এই শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় তারা কখনও শেষ ষোলো পর্বের বেশি এগোতে পারেনি।
তবুও নিউক্যাসলকে হালকাভাবে নিতে রাজি নন বার্সেলোনার কোচ ফ্লিক। তিনি বলেন, ‘ইংল্যান্ডের লিগে অর্থনৈতিক শক্তি ও প্রতিযোগিতার গভীরতা অনেক বেশি, যা দলগুলিকে আরও শক্তিশালী করে তোলে।’
ফ্লিক আরও বলেন, ‘ইংল্যান্ডের লিগ অসাধারণ। আমার কাছে এটি বিশ্বের সেরা লিগ। এখানে শক্তিশালী অনেক দল আছে। এবার শেষ ষোলোতে তাদের ছয়টি দল উঠেছে, সেটাই প্রমাণ করে তারা কতটা শক্তিশালী।’
তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের পথেই এগোতে হবে। আমরা যেভাবে খেলতে চাই, সেই দর্শনই ধরে রাখতে হবে। সমর্থকেরা আমাদের খেলার ধরন নিয়ে গর্ব করে, তাই এখানেও আমরা বার্সেলোনার মতোই খেলতে চাই।’
এই মৌসুমে ইংল্যান্ডে দুই দলের এটি দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে গ্রুপ পর্বে মুখোমুখি হয়ে ২–১ গোলে জিতেছিল বার্সেলোনা। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মার্কাস রাশফোর্ড।
এই মৌসুমে নিউক্যাসলের পারফরম্যান্স কিছুটা ওঠানামা করলেও ফ্লিক মনে করেন ইউরোপীয় প্রতিযোগিতায় তারা আরও বিপজ্জনক হয়ে ওঠে।
তিনি বলেন, ‘এই প্রতিযোগিতা আলাদা। এই পর্যায়ে যারা খেলছে, সবাই নিজেদের সেরাটা দিতে চায়। তাদের দলে খুব দ্রুতগতির এবং অসাধারণ মানের খেলোয়াড় আছে, বিশেষ করে পাল্টা আক্রমণে তারা খুব শক্তিশালী।’
এদিকে ক্লাবের ভেতরে কিছু প্রশাসনিক বিতর্কও চলছে। বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তা এবং সাবেক কোচ জাভি জাভি হার্নান্দেজকে ঘিরে আলোচনার মাঝেই আগামী সপ্তাহে ক্লাবের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এসব বিষয় নিয়ে ভাবতে চান না ফ্লিক। তার লক্ষ্য শুধু ম্যাচ।
তিনি বলেন, ‘এটি মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সপ্তাহগুলোর একটি। আমরা পরের পর্বে উঠতে চাই। তাই এখন পুরো মনোযোগ শুধু ম্যাচের দিকেই।’
চ্যাম্পিয়ন্স লিগে আজ মাঠে নামছে
গালাতাসারে-লিভারপুল
আটালান্টা-বায়ার্ন মিউনিখ
অ্যাটলেটিকো মাদ্রিদ-টটেনহাম হটস্পার
আইএইচএস/