চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচিত লাপোর্তা
বার্সেলোনার সভাপতি নির্বাচনে আরও একবার নিজের জনপ্রিয়তা প্রমাণ করলেন হুয়ান লাপোর্তা। ক্লাবের সদস্যরা আবারও তাকে সভাপতি পদে বিশাল ব্যবধানে নির্বাচিত করেছে। এ নিয়ে টানা দ্বিতীয় ও সবমিলিয়ে চতুর্থবারের ক্লাবটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ৬৩ বছর বয়সী এই ক্রীড়া সংগঠক।
নির্বাচনের ভোটাভুটিতে লাপোর্তা তার প্রতিদ্বন্দ্বীকে একেবারে উড়িয়ে দিয়েছেন। তিনি পেয়েছেন ৩২ হাজার ৯৪৩ ভোট আর তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টেরের প্রাপ্ত ভোট ১৪ হাজার ৩৮৫। লাপোর্তা পেয়েছেন ৬৮.১৮ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্টের ভোটের হার ২৯.৭৮ শতাংশ। যা স্পষ্ট করে লাপোর্তার নিরঙ্কুশ বিজয়।
প্রথমবারের মতো লাপোর্তা বার্সা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ২০০৩ সালে। দ্বিতীয় দফায়ও নির্বাচিত হয়ে দায়িত্বপালন করেন ২০১০ পর্যন্ত।
এরপর তৃতীয়বারের মতো ২০২১ সালের নির্বাচনে ৩০ হাজার ১৮৪ ভোট তথা ৫৪.২৮ শতাংশ ভোট পেয়ে আবারও দায়িত্ব নেন।
পুনরায় নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লাপোর্তা বলেন, ‘এটি সত্যিই এক জোরালো ফলাফল, যা আমাদের ভীষণ শক্তি জোগায় এবং অপ্রতিরোধ্য করে তোলে। কেউ আমাদের থামাতে পারবে না। সামনে রোমাঞ্চকর কিছু বছর অপেক্ষা করছে, যা হতে যাচ্ছে আমাদের জীবনের সেরা সময়।’
ভোটদান প্রক্রিয়ায় অংশ নেওয়া সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতায় জানিয়েছেন। তিনি বলেন, ‘যেসব সদস্য ভোট দিতে এসেছেন, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটি ছিল গণতন্ত্র ও নাগরিক চেতনার এক উৎসব। একই সঙ্গে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের কর্মকর্তা ও কর্মীরা যে চমৎকার কাজ করেছেন, সেটিও আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই।’
আইএন