ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নিজস্ব স্ট্রিমিং প্ল্যাটফর্ম আনছে উয়েফা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:৪০ পিএম, ১৯ মার্চ ২০২৬

ফুটবল সম্প্রচারের প্রচলিত ধারা ভেঙে এবার প্রিমিয়ার লিগের পথে হাঁটতে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। ২০২৭-২০৩১ সালের সম্প্রচার স্বত্ব চক্রকে সামনে রেখে নিজস্ব ‘ডাইরেক্ট-টু-কনজিউমার’ স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু করার চূড়ান্ত পরিকল্পনা হাতে নিয়েছে সংস্থাটি।

ইউসিথ্রি-র হাত ধরে নতুন যাত্রা উয়েফা এবং ইউরোপীয় ফুটবল ক্লাবগুলোর যৌথ উদ্যোগে গঠিত ‘ইউসিথ্রি’ (UC3) এই মেগা প্রকল্পটি পরিচালনা করবে। মূলত এশীয় বাজারের বিশাল ফুটবল ভক্তগোষ্ঠীকে সরাসরি নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করাই এর মূল লক্ষ্য। প্রাথমিকভাবে ভারত ও ইন্দোনেশিয়ার মতো জনবহুল বাজারগুলোতে এই সার্ভিস চালু হতে পারে। প্রিমিয়ার লিগ যেমন সিঙ্গাপুরে তাদের ‘প্রেমফ্লিক্স’ অ্যাপ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে, উয়েফাও চ্যাম্পিয়ন্স লিগসহ তাদের টুর্নামেন্টগুলো থেকে আয় বাড়াতে একই পথ বেছে নিচ্ছে।

সুপার লিগ ঠেকাতে রিয়ালের সঙ্গে ‘টেক’ সমঝোতা ফুটবল বিশ্লেষকদের মতে, বিতর্কিত ‘সুপার লিগ’ প্রজেক্টের কফিনে শেষ পেরেক ঠুকতেই উয়েফার এই আধুনিকায়ন। গুঞ্জন রয়েছে, রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবগুলোকে সুপার লিগের ধারণা থেকে সরিয়ে আনতে উয়েফা তাদের স্ট্রিমিং প্রযুক্তিতে ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভক্তদের ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করার এই নমনীয় মনোভাবই বড় ক্লাবগুলোকে উয়েফার পতাকাতলে রাখতে বড় ভূমিকা পালন করেছে।

লিগ পর্বের নিয়মে কোনো বদল নয় এদিকে চ্যাম্পিয়নস লিগের ফরম্যাট নিয়ে বড় ক্লাবগুলোর একটি দাবি নাকচ করে দিয়েছে উয়েফা। বেশ কিছু ক্লাবের দাবি ছিল, লিগ পর্বেই যেন একই দেশের দলগুলো একে অপরের মুখোমুখি হতে পারে। তাদের যুক্তি ছিল, বর্তমান নিয়মে প্রিমিয়ার লিগের দলগুলো অন্যায্য সুবিধা পায়। তবে উয়েফা সাফ জানিয়ে দিয়েছে, লিগ পর্বে একই দেশের লড়াই আপাতত দেখা যাচ্ছে না। তবে টুর্নামেন্টের শেষ ১৬ বা নকআউট পর্ব থেকে এই বাধা থাকছে না।

এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম চালু হলে ফুটবল ভক্তদের আর তৃতীয় কোনো থার্ড-পার্টি চ্যানেলের ওপর নির্ভর করতে হবে না, বরং সরাসরি উয়েফার অ্যাপেই উপভোগ করা যাবে ইউরোপীয় ফুটবলের জমজমাট লড়াই।

এসকেডি/এএসএম