ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ তারকাকে পাচ্ছে না ব্রাজিল
হাঁটুর চোটের কারণে ব্রাজিল জাতীয় দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংলিশ ক্লাব আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহেস। ফলে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক দুটি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচে তাকে পাচ্ছে না ব্রাজিল।
গত রোববার কারাবাও কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছিলেন গ্যাব্রিয়েল। তবে ম্যাচ শেষে তিনি ডান হাঁটুতে ব্যথার কথা জানান।
পরবর্তীতে মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয় যে, গ্যাব্রিয়েল পুরোপুরি ফিট নন। ফলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২৬ মার্চ ফ্রান্স এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ থেকেই তিনি ছিটকে গেছেন।
ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, গ্যাব্রিয়েলের পরিবর্তে আর কোনো খেলোয়াড়কে দলে অন্তর্ভুক্ত করা হবে না।
এই আন্তর্জাতিক বিরতিতে আর্সেনালের আরও দুই খেলোয়াড়ও চোটের কারণে নিজ নিজ জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন। উইলিয়াম সালিবা গোড়ালির চোটে ফ্রান্স দলে নেই এবং এবেরেচি এজে পায়ের পেশির সমস্যার কারণে ইংল্যান্ড দলে অনুপস্থিত রয়েছেন।
এমএমআর