নেইমারকে নিয়ে আনচেলত্তি
ফুটবল কোনো বিশ্ববিদ্যালয় বা ধ্রুব বিজ্ঞান নয়
ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমারের জায়গা হবে কিনা এ নিয়ে চলছে জল্পনা। তবে বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা না পাওয়ায় বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাওয়া হয়ে পড়েছে কঠিন। এবার এই বিষয়ে মুখ খুলেছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।
বোস্টনে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমি সবকিছু দেখি, সব কথা শুনি। কিন্তু সিদ্ধান্ত নেওয়াই আমার কাজ। ফুটবল কোনো বিশ্ববিদ্যালয় নয়, এটি নির্ভুল বিজ্ঞানও নয়। সবার নিজস্ব মতামত থাকে, এবং আমি সেগুলোকে সম্মান করি।’
ব্রাজিলের সাবেক ও কিংবদন্তি ফুটবলারদের একটা বড় অংশ নেইমারকে বিশ্বকাপ দলে চাচ্ছেন। তাদের মন্তব্যে প্রতিমুহূর্তে চাপ বাড়ছে আনচেলত্তির ওপর। ১৯৯৪ বিশ্বকাপজয়ী রোমারিও সরাসরি বলেছেন, ‘তারকা খেলোয়াড়কে খেলতেই হবে। জাতীয় দলে সেরা ও প্রতিভাবানদের জায়গা। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এক মাসই যথেষ্ট। নেইমারের মতো তারকা শতভাগ ফিট না থাকলেও, অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তাকে দলে নেওয়া ভালো।’
ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদো নাজারিও এ বিষয়ে বলেন, ‘নেইমার যদি শারীরিকভাবে ফিট থাকে, আমি অবশ্যই তাকে বিশ্বকাপ দলে রাখতাম। আমি আশা করি সে ফিট থাকবে। যদি থাকে, তাহলে নিশ্চিতভাবেই কোচ তাকে দলে নেবেন। সে দলের জন্য বড় অবদান রাখতে পারে।’
বর্তমান ব্রাজিল দলের অভিজ্ঞ মিডফিল্ডার ফাবিনহোও কথা বলেছেন নেইমারের পক্ষে। তার ভাষায়, ‘আমার মতে এখনও সে-ই ব্রাজিলের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়। যে কোনো সময় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। ফিট থাকলে বিশ্বকাপে সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’
নেইমারকে ঘিরে এই বিতর্কের মধ্যেই সামনে থাকা আন্তর্জাতিক ম্যাচগুলোতে ব্রাজিলের পারফরম্যান্স এবং কোচের সিদ্ধান্তই শেষ পর্যন্ত পরিস্থিতি নির্ধারণ করবে বলে মনে করা হচ্ছে।
আইএন