ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ভারতের বিপক্ষে ড্র করে সেমিতে নেপালকে পেলো বাংলাদেশ

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ২৮ মার্চ ২০২৬

এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ ও ভারতের লড়াইটা ছিল গ্রুপসেরা হওয়ার। সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছিল পাকিস্তানকে, ভারত জিতেছিল ৩-০ ব্যবধানে। তাই গ্রুপসেরা হতে বাংলাদেশের দরকার ছিল জয়, ভারতের ড্র। শনিবার মালদ্বীপের মালেতে হওয়া শেষ গ্রুপ ম্যাচে জিততে পারেনি কোনো দল। ১-১ গোলে ড্র হয়েছে। তাতে বাংলাদেশ হয়েছে গ্রুপ রানার্সআপ।

শুক্রবার ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে ভুটান উঠেছিল সেমিফাইনালে। ভুটানিজরা হয়েছে গ্রুপ রানার্সআপ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া ভারত ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে ভুটানের বিপক্ষে, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ১৬ মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল। বিশাল যাদবের করা গোলটি অবশ্য ধরে রাখতে পারেনি ভারত। প্রথমার্ধের ইনজুরি সময়ে আবদুল রিয়াদ সমতাসূচক গোল করেন।

পাকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় চলে আসা যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের কর্নার কিক থেকে দুর্দান্ত কানেক্টে গোল করেন রিয়াদ। দুই ম্যাচে বাংলাদেশ ও ভারতের পয়েন্ট সমান হলেও গোলগড়ে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত ও রানার্সআপ বাংলাদেশ।

১ এপ্রিল দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনাল খেলবে বাংলাদেশ ও নেপাল এবং দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ভারত-ভুটান। ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ এপ্রিল।

আরআই/আইএইচএস/