ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

নতুন স্টেডিয়ামে এখনো জয়হীন মায়ামি, শেষ মুহূর্তে মেসির ব্যর্থ ফ্রি কিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৪৫ এএম, ১২ এপ্রিল ২০২৬

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে লিওনেল মেসির ফ্রি কিক থেকে গোল করতে ব্যর্থ হলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়া হয়নি ইন্টার মিয়ামির। ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। নতুন স্টেডিয়ামে এখনো জয়ের দেখা পায়নি মিয়ামি।

মেক্সিকান ফরোয়ার্ড জার্মান বার্টারামেকে দিয়ে দ্বিতীয়ার্ধে একটি গোল করান মেসি। ফলে নতুন স্টেডিয়ামে প্রথমবারের মতো এগিয়ে যায় যা মিয়ামি। কিন্তু ৭৭ মিনিটে ১৭ বছর বয়সী আদ্রি মেহমেতি নিজের ক্যারিয়ারের প্রথম গোল করে ম্যাচে সমতা ফেরান।

এর আগেও নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে অস্টিন এফসি-এর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল মায়ামি।

ম্যাচ শেষে কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমরা এই ম্যাচে আরও বেশি পাওয়ার যোগ্য ছিলাম। কিছু ভুলের কারণে বড় মূল্য দিতে হয়েছে। দল জেতার জন্য সবকিছু করেছে, কিন্তু ফল একই থাকায় হতাশা থেকেই যাচ্ছে।’

ইন্টার মিয়ামির হয়ে আরও একটি গোল করেন মাতেও সিলভেত্তি। দলটি এখন পর্যন্ত ৬ ম্যাচ ধরে অপরাজিত থাকলেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না। রেড বুলসের হয়ে গোল করেন হোর্হে রুভালকাবা। তারা শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পেলেও এই ম্যাচে পয়েন্ট আদায় করে নেয়।

ম্যাচের ৫৫ মিনিটে মেসির দারুণ মুভ থেকে বার্টারামের গোলটি আসে। একাধিক ডিফেন্ডারের নজর নিজের দিকে টেনে নিয়ে তিনি বলটি এমনভাবে ছেড়ে দেন, যা গিয়ে পড়ে বার্টারামের সামনে, তিনি সহজেই গোল করেন।

ম্যাচে উভয় দলেরই একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়। শেষদিকে ২৫ গজ দূর থেকে মেসির ফ্রি-কিক দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইথান হরভাথ, ফলে জয় বঞ্চিত হয় মায়ামি।

আইএন