ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

হাতুরুসিংহেই থাকছেন মাশরাফিদের কোচ

প্রকাশিত: ১২:১৯ পিএম, ০১ এপ্রিল ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরলেও অনেক কিছু অর্জন করে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার মতই খেলেছে টাইগাররা। ভারতকে তো প্রায় হারিয়েই দিয়েছিল। দুর্ভাগ্রক্রমে ১ রানে হেরে যায় বাংলাদেশ। এত সব সাফল্য যার অভিভাবকত্বে এসেছে, বাংলাদেশের সেই কোচ চন্ডিকা হাতুরুসিংহের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুলাই মাসে।

তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই বিসিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে চুক্তি নবায়নের বিষয়ে এবং তাকেই বাংলাদেশ জাতীয় ক্রিকটে দলের কোচ হিসেবে রেখে দেয়ার ব্যপারে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে এক পর্যায়ে বিসিবির পরিচালক এবং মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন মতামত থাকে; কিন্তু বাংলাদেশের গত দু’বছরের পারফরম্যান্স সত্যিকার অর্থেই ভালো। আমার মনে হয় তাদের (কোচিং স্টাফদের) সঙ্গে চুক্তি বাড়ানো হবে।’  

হাতুরুসিংহয়ে ছাড়াও বাংলাদেশের বোলিং কোচ হিথ স্ট্রিকের সাথেও চুক্তি বাড়ানোর কথা বলেছে বিসিবি। ইতিমধ্যে হিথ স্ট্রিক নিজেই জানিয়েছেন, তিনি টাইগারদের সঙ্গে থাকবেন আরও কয়েক বছর।

২০১৪ সালের ১৯মে বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ হন শ্রীলংকান বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী চন্ডিকা হাতুরুসিংহে। দু’বছরের চুক্তি আগামী জুলাই মাসের ১ তারিখে শেষ হওয়ার আগেই তার সাথে নতুন করে চুক্তি বর্ধিত করার বিষয়ে আগ্রহী বিসিবি।

আরআর/আইএইচএস/পিআর

আরও পড়ুন