চলে গেলেন সিজার মালদিনিও
ক্রুইফ মারা যাওয়ার দশ দিনের মাথায় ফুটবল হারালো আরো একজন কিংবদন্তিকে। এসি মিলান বললেই যে লোকটার নাম সবার আগে চলে আসে, সেই সিজার মালদিনিও আর নেই।
বার্ধক্যজনিত কারণে ৮৪ বছর বয়সে নিজ দেশ ইতালিতেই মৃত্যু বরণ করলেন এই কিংবদন্তি ফুটবলার। তার হাত ধরেই এসি মিলান পেয়েছিল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। শুধু তাই নয়, আরেক কিংবদন্তী পাওলো মালদিনির পিতাও তিনি।
এসি মিলানের হয়ে চারশোর বেশি ম্যাচ খেলা এই ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে লাল-কালো শিবিরে। দীর্ঘ ১২ বছরের মিলান ক্যারিয়রে জিতেছেন চারটি ইতালিয়ান লিগ শিরোপা।
ইতালি জাতীয় দলের হয়ে ২৫টি ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছিল তার। ১৯৬২ বিশ্বকাপে চিলিতে হওয়া বিশ্বকাপে ইতালির দলের সদস্যও ছিলেন তিনি। মিলান ছাড়ার দু’বছর পরই তোরিনোতে ক্যারিয়ারের ইতি টানেন সাবেক এই আজ্জুরি ডিফেন্ডার।
তার দেখানো পথেই ছেলে পাওলো মালদিনিও এসি মিলানে খেলে হয়েছেন কিংবদন্তি। ফুটবল ক্যারিয়ারে ইতি টানলেও ১৯৬৬ সালে ইতালি জাতীয় ফুটবল দলের কোচের পদ পান মালদিনি। ১৯৯৮ এবং ২০০২ বিশ্বকাপে দলকে কোয়ার্টার ফাইনালে উঠালেও ট্রফি না জেতায় ছাড়তে হয় কোচের পদ। তারপর থেকেই ফুটবলের বাইরে ছলে যান সিজার মালদিনি।
তার এই হঠাৎ চলে যাওয়ায় ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইতিমধ্যে ইতালিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, মালদিনিকে স্মরণ করে আগামী দুই দিন লিগের সব ম্যাচের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হবে।
আরআর/আইএইচএস/পিআর