ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

অ্যাপ ডাউনলোডে বয়স যাচাই ব্যবস্থা চালু করল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৮:১২ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের লাগাম দেওয়ার জন্য অভিভাবক এবং সংস্থাগুলো নানান পদক্ষেপ নিয়েছে। অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সীমাবদ্ধতা রাখছে অ্যাপ নির্মাতা সংস্থাগুলো। এবার অ্যাপল নতুন বয়স যাচাই ব্যবস্থা চালু করেছে, যা নির্দিষ্ট অঞ্চলে ১৮ বছরের কম বয়সীদের অ্যাপ ডাউনলোডে নিয়ন্ত্রণ আরোপ করবে।

কোম্পানি জানিয়েছে, আসন্ন আইন ও আঞ্চলিক বিধিমালা মেনে চলতে ডেভেলপারদের সহায়তা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল এবং সিঙ্গাপুরে ১৮+ রেটিংযুক্ত অ্যাপ ডাউনলোডে বয়স নিশ্চিতকরণ বাধ্যতামূলক করা হয়েছে। ব্রাজিলে যেসব অ্যাপে লুট বক্সের মতো ফিচার রয়েছে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ১৮+ রেটিং পাবে।

অ্যাপল জানিয়েছে, অ্যাপ স্টোর নিজে থেকে বয়স যাচাই করতে পারবে, তবে ডেভেলপারদেরও ব্যবহারকারীর বয়স নিশ্চিত করার আলাদা দায়িত্ব থাকতে পারে। এ জন্য কোম্পানি ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ চালু করেছে, যা আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএস-এ বয়স সংক্রান্ত তথ্যের সংকেত দেবে।

নতুন নিয়ম অনুযায়ী, উটাহে ৬ মে ২০২৬ থেকে এবং লুইজিয়ানায়ে ১ জুলাই ২০২৬ থেকে বয়স ক্যাটাগরির তথ্য ডেভেলপারদের সঙ্গে ভাগ করা হবে। এই এপিআই ব্যবহারকারীর বয়স-সংক্রান্ত নিয়ন্ত্রক শর্ত আছে কি না এবং পিতামাতার অনুমতির প্রয়োজন আছে কি না-সেসব তথ্য দেবে।

উটাহের আইনে বলা হয়েছে, অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। অপ্রাপ্তবয়স্কদের অ্যাকাউন্ট পিতামাতার সঙ্গে যুক্ত করে অনুমতি নিতে হবে। অনুরূপ আইন পাশ করেছে লুইজিয়ানা ও টেক্সাস; ক্যালিফোর্নিয়ায় ২০২৭ সালে এ ধরনের বিধিমালা কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে।

সমর্থকদের মতে, এসব ব্যবস্থা শিশুদের অনলাইন ঝুঁকি থেকে রক্ষা করবে। তবে সমালোচকেরা বলছেন, অতিরিক্ত বয়স যাচাই ব্যবস্থা ব্যক্তিগত গোপনীয়তা ও অনলাইন স্বাধীনতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বয়স তথ্য সংরক্ষণ ও ব্যবহার নিয়ে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কাও রয়েছে।

উটাহ-এর নতুন আইন মূলত শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপ স্টোর ব্যবহারে বয়স নিয়ন্ত্রণ আরোপ করেছে। আইনটির মূল দিকগুলো হলো-

১. অ্যাপ স্টোরে নতুন অ্যাকাউন্ট খুলতে ব্যবহারকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে
২. অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট পিতামাতার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করতে হবে
৩. নির্দিষ্ট অ্যাপ ব্যবহারে বা ফিচার গ্রহণে পিতামাতার অনুমতি লাগতে পারে
৪. বয়স যাচাই ও অনুমতির ব্যবস্থা না থাকলে কিছু অ্যাপ ডাউনলোড সীমিত হতে পারে

সূত্র: এনগ্যাজেট

আরও পড়ুন
পছন্দমতো গান বানাতে পারবেন জেমিনিতে
হোয়াটসঅ্যাপের বিকল্প ৫ মেসেজিং অ্যাপ

শাহজালাল/কেএসকে

আরও পড়ুন