এআই থেকে গ্রাহককে দূরে রাখবে ফায়ারফক্স
এআই চালু নাকি বন্ধ রাখবেন, গ্রাহককে সেই স্বাধীনতা দিচ্ছে ওপেন সোর্স ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্স। এককথায় এআই থেকে গ্রাহককে দূরে রাখবে এ ব্রাউজার। কিন্তু কীভাবে?
গ্রাহককে পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার লক্ষ্যে সব জেনারেটিভ এআই ফিচার একসঙ্গে বন্ধ রাখার সুবিধা আনছে ফায়ারফক্স। নতুন এই ব্যবস্থায় গ্রাহক নিজেই ঠিক করতে পারবেন, কোন কোন এআই ফিচার ব্যবহার করবেন আর কোনগুলো করবেন না। চাইলে ফায়ারফক্সে থাকা বর্তমান ও ভবিষ্যতের সব এআই ফিচার একযোগে ব্লক করাও সম্ভব হবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ ফেব্রুয়ারি ফায়ারফক্সের ১৪৮তম সংস্করণে এই সুবিধা যুক্ত করা হবে। এর আগে ফায়ারফক্স নাইটলি বিল্ড গ্রাহকরা পরীক্ষামূলকভাবে ফিচারটি ব্যবহার করতে পারবেন।
নতুন সংস্করণে ডেস্কটপ ব্রাউজারের সেটিংসে যুক্ত হবে আলাদা একটি ‘এআই কন্ট্রোলস’ ফিচার। এআই কন্ট্রোলস অপশন থেকে ফায়ারফক্স সাইড বারে থাকা চ্যাটবট, স্বয়ংক্রিয় অনুবাদ সুবিধা এবং পিডিএফ ফাইলে অল্ট টেক্সট তৈরির ফিচার চালু বা বন্ধ করা যাবে। একই সঙ্গে নিয়ন্ত্রণ করা যাবে এআই-নির্ভর ট্যাব গ্রুপিং সুবিধা, যা সংশ্লিষ্ট ট্যাবগুলোর গ্রুপ ও গ্রুপের নাম প্রস্তাব করে। এছাড়া কোনো ওয়েবপেজে ক্লিক করার আগে ‘কি পয়েন্ট’ দেখানোর প্রিভিউ ফিচারও এখান থেকে নিষ্ক্রিয় করা যাবে।
গ্রাহক চাইলে মাত্র একটি অপশনের মাধ্যমে ফায়ারফক্সের সব ধরনের এআই সুবিধা বন্ধ রাখতে পারবেন। ‘ব্লক এআই এনহ্যান্সমেন্টস’ টগল চালু থাকলে ভবিষ্যতে নতুন কোনো এআই ফিচার স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে না এবং এআই-সংক্রান্ত কোনো নোটিফিকেশন বা পপ-আপও দেখাবে না।
বিশ্লেষকদের মতে, অতিরিক্ত এআই ফিচারের কারণে সফটওয়্যার ভারী হয়ে যাওয়ার যে অভিযোগ রয়েছে, মোজিলার এই সিদ্ধান্ত তারই প্রতিফলন। অনেক গ্রাহক এখনো দ্রুত, নিরাপদ ও হালকা ওয়েব ব্রাউজারকে অগ্রাধিকার দেন। এআই ব্যবহারে বাধ্য না করে গ্রাহকের ইচ্ছার ওপর ছেড়ে দেওয়াকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রযুক্তি সংশ্লিষ্টরা।
সূত্র: এনগ্যাজেট
শাহজালাল/আরএমডি