বিটিসিএল এমভিএনও সিমের কারিগরি পরীক্ষা সফল, থাকবে যেসব সেবা
দেশে প্রথমবারের মতো কারিগরি পরীক্ষার মাধ্যমে সচল হয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সিম। বিটিসিএল পরিচালিত এ সেবার আওতায় ভয়েস ও ডাটা কলসহ প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সিম সচল হওয়ার এ তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
জানতে চাইলে ফয়েজ আহমদ তৈয়্যব জাগো নিউজকে বলেন, ‘আজকে আমরা এমভিএনও-র সিম প্রোভিশনিং টেস্ট করেছি। প্রথম সিমটি নেটওয়ার্কে কাজ করছে। আমরা এমভিএনও-র সঙ্গে আরও তিনটা সেবা যোগ করছি। একটা হচ্ছে আনলিমিটেড ভয়েস কন্ডিশনাল, আনলিমিটেড ডেটা কন্ডিশনাল, আর একটা হচ্ছে এন্টারটেইনমেন্ট।’
এ সিমের সেবা প্রসঙ্গে ফয়েজ তৈয়্যব বলেন, ‘ভয়েসটা হচ্ছে আমরা একটা ভার্চুয়াল নেটওয়ার্ক হিসেবে কাজ করবো, সেখানে একটা অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করবো, সেখানে নির্দিষ্ট মিনিট থাকবে। এর বাইরে আমরা বিটিসিএলের নিজস্ব আলাপ টেলিফোনি অ্যাপটা দেবো। সেখানে আলাপ টু আলাপ আনলিমিটেড কল আর হচ্ছে আলাপ থেকে অন্য অপারেটর একটা নির্দিষ্ট ১২৫ বা ২০০ মিনিট এ বান্ডেলে থাকবে। আর সঙ্গে থাকবে মোবাইল ইন্টারনেটের একটা প্যাকেজ ১০ জিবি মিনিমাম। আর জিপনের ইন্টারনেট। সেটা জিপনের যে লাইনটা আছে এগজিস্টিং লাইনের সঙ্গে বান্ডেল করছি।’
তিনি বলেন, ‘এর বাইরে জিপনের সঙ্গে থাকবে ১০০ টাকা দিলে ওই টিঅ্যান্ডটির ফোনও অতীতে টিঅ্যান্ডটির ফোনটা থাকবে। আর এর বাইরে আমরা কন্টেন্টের জন্য একটা ওটিটির সঙ্গে চুক্তি করছি, সেখানেও কন্টেন্ট থাকবে। আপাতত এটাই আমাদের পরিকল্পনা।
ফয়েজ তৈয়্যব বলেন, ‘আজকে আমরা প্রোভিশনিংটা করেছি আলাপের সঙ্গে, তারপরে হলো জিপনের সঙ্গে, তারপরে হলো সিমের সঙ্গে। এই প্রোভিশনগুলো সাকসেসফুল টেস্ট হয়েছে। ফার্স্ট কল, ভয়েস কল, ডেটা কল, ইন্টারনেট ব্রাউজিং এগুলো কাজ করছে। আমরা আগামী ৮ তারিখে কমার্শিয়াল পাইলটটা রান করবো।’
জানতে চাইল নাম প্রকাশ না করার শর্তে বিটিসিএলের এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, এ এমভিএনও সিম চালু হলে আমরা বিভিন্ন মোবাইল অপারেটরের সিম বিক্রি করতে পারবো। প্রাথমিকভাবে আমরা সরকারি প্রতিষ্ঠান টেলিটকের সিম বিক্রি করবো। এর ফলে বিটিসিএল থেকে টেলিটকের সিম কিনলে গ্রাহকরা প্রতিষ্ঠানটির সেবাসহ বিটিসিএলের কিছু সেবা সহজে পাবে।
ফেসবুকে ফয়েজ তৈয়্যব লিখেছেন, ‘দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিমটি সচল হয়েছে। ভয়েস কল, ডাটা কল, আলাপ টু মোবাইল নেটওয়ার্ক, আলাপ টু আলাপ, জিপন ইন্টিগ্রেশন- এই ৪টি ইভেন্টের সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। কল টেস্টও সফল হয়েছে। আগামী ৮ তারিখে বিটিসিএল এমভিএনও’র লাইভ পাইলট শুরু হবে বলে আশা প্রকাশ করি। আমরা এমভিএনও এবং ট্রিপল প্লে নিয়ে কাজ করছি। আশা রাখি একসাথেই চালু হবে।’
পোস্টে তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে বিটিসিএল গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিন প্রভিশনিং, অ্যাক্টিভেশন ও টেস্ট কল পর্যবেক্ষণ করেছেন তিনি।
গত বছরের ২৫ নভেম্বর বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেওয়া হয়েছিল।
এদিকে, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশের টেলিযোগাযোগ খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) এর মাধ্যমে আনলিমিটেড কোয়াড-প্লে সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে। এই উদ্যোগকে ডিজিটাল কানেক্টিভিটি ও সেবা উদ্ভাবনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার বিটিসিএল এর রমনা অফিসে এ সেবার কার্যক্রম পরিদর্শন করেন ফয়েজ আহমদ তৈয়্যব।
ইএইচটি/এমএএইচ/