ভিডিও ENG
  1. Home/
  2. তথ্যপ্রযুক্তি

বিতর্কে এক্স, সরে যাচ্ছে প্রতিষ্ঠান

তথ্যপ্রযুক্তি ডেস্ক | প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স থেকে ধারাবাহিকভাবে সরে যাচ্ছে নানা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়, সিটি কাউন্সিল, দাতব্য সংস্থা তালিকাটি দিন দিন দীর্ঘ হচ্ছে। সাম্প্রতিক সময়ে প্ল্যাটফর্মটিকে ঘিরে নতুন বিতর্কের পর এই প্রবণতা আরও দৃশ্যমান হয়েছে।

বিবিসি জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল ‘গ্রোক’কে কেন্দ্র করে বিতর্ক নতুন মাত্রা পায়। অভিযোগ উঠেছে, এই টুল ব্যবহার করে বাস্তব ব্যক্তিদের বিকৃত ও আপত্তিকর ছবি তৈরি করা হচ্ছে। বিষয়টি নিয়ে তদন্তও শুরু হয়েছে বলে জানা গেছে।

বিতর্কে এক্স, সরে যাচ্ছে প্রতিষ্ঠানউত্তর আয়ারল্যান্ড কাউন্সিল ফর ভলান্টারি অ্যাকশন (নিকভা) মার্চ থেকেই এক্সে পোস্ট দেওয়া বন্ধ রেখেছে। সংস্থাটির প্রধান নির্বাহী সেলিন ম্যাকস্ট্রাভিকের ভাষ্য, প্ল্যাটফর্মটি তাদের মূল্যবোধের সঙ্গে আর সামঞ্জস্যপূর্ণ নয়। তার অভিযোগ, সেখানে ভুয়া তথ্য ছড়ানো, ঘৃণাত্মক মন্তব্য এবং নারীবিদ্বেষমূলক বক্তব্য ক্রমেই বাড়ছিল। একসময় টুইটার কার্যকর যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করলেও গত দুই বছরে পরিস্থিতি বদলে গেছে বলে মনে করেন তিনি।

কমিউনিটি ফাউন্ডেশন ফর নর্দার্ন আয়ারল্যান্ডও মে মাসে এক্স ত্যাগ করে। সংস্থার প্রতিনিধি ডেভিড কেনেডি জানান, অনিয়ন্ত্রিত মন্তব্য ও ঘৃণাত্মক বক্তব্যের নিম্নমুখী মান তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। বিশেষ করে এলজিবিটিকিউ ও নতুন অভিবাসী সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর ভাষা ব্যবহারের বিষয়টি তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না।

বিতর্কে এক্স, সরে যাচ্ছে প্রতিষ্ঠান২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক। পরবর্তীতে প্ল্যাটফর্মটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘এক্স’। সমালোচকদের মতে, কনটেন্ট নিয়ন্ত্রণ শিথিল হওয়ার পর থেকেই ঘৃণাত্মক বক্তব্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার বেড়েছে।

সোমবার বেলফাস্ট সিটি কাউন্সিল এক্স ব্যবহার সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব অনুমোদন করেছে। তারা গ্রোক এআই–সংক্রান্ত তদারকি নিয়ে অফকম-এর পর্যালোচনার ফলাফলের জন্য অপেক্ষা করবে। গ্রিন পার্টির কাউন্সিলর ব্রায়ান স্মিথ বলেন, বিশেষ করে নারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে। তার মতে, মুনাফার চেয়ে ব্যবহারকারীদের সুরক্ষা অগ্রাধিকার পাওয়া উচিত।

অন্যদিকে ডাবলিন সিটি কাউন্সিল জানুয়ারিতেই এক্সে পোস্ট দেওয়া বন্ধ করে। এ সপ্তাহে উত্তর আয়ারল্যান্ডের পুলিশ সার্ভিস (পিএসএনআই) জানিয়েছে, তারা জেলা পর্যায়ের এক্স অ্যাকাউন্টগুলো বন্ধ করছে। ব্যবহার ও সম্পৃক্ততার পর্যালোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

বিতর্কে এক্স, সরে যাচ্ছে প্রতিষ্ঠানকিউইউবি এক বিবৃতিতে বলেছে, তারা এমন প্ল্যাটফর্মে যোগাযোগ বজায় রাখতে চায়, যা সম্মানজনক ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করে। তাদের মতে, গত কয়েক বছরে এক্সের চরিত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

এক্সের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠছে প্ল্যাটফর্মটি কি তার পুরোনো আস্থা ও অবস্থান হারাচ্ছে, নাকি এটি কেবল রূপান্তরের একটি ধাপ? যাই হোক, একের পর এক প্রতিষ্ঠানের সরে দাঁড়ানো এক্সের জন্য যে তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে, তা নিয়ে সন্দেহ নেই।

তথ্যসূত্র: এনডিটিভি, দ্য জার্নাল, দ্য আইরিশ টাইমস

জেএস/