জিহাদের ঘটনা গুজব তিনিই বলেছিলেন
শুক্রবার বিকেলে রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ছয়শ ফুট গভীর পাইপের মধ্যে পড়ে যায় তিন বছরের এক শিশু জিহাদ । এ খবর ছড়িয়ে পড়লে ঘণ্টা খানেকের মধ্যে শুরু হয় উদ্ধার অভিযান।
শনিবার দুপুর তিনটার দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর জিহাদকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজের অাবাসিক সার্জন ডাক্তার রিয়াজ মোর্শেদ। উদ্ধারের আগ পর্যন্ত টানা ২৩ ঘণ্টা জিহাদের জন্য রুদ্ধশ্বাস অপেক্ষায় ছিল সারাদেশের মানুষ।
অথচ শুক্রবার রাতে পাইপের মধ্যে কোনও শিশু থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম-পরিচালক আবু সাঈদ রায়হান।
রাত পৌনে তিনটার দিকে বেশ বিরক্তির সঙ্গে পুরো বিষয়টিকে গুজব আখ্যায়িত করে তিনি বলেন, ‘ক্যামেরা নামানোর পর একেবারে শেষ প্রান্তে তেলাপোকা, টিকিটিকিও দেখা গেছে। কিন্তু শিশুর কোনও শরীর দেখা যায়নি বা শরীরের মতো কিছু দেখা যায়নি। এটা সম্পূর্ণ গুজব।’ গণমাধ্যমের সামনে এ কথা বলার সময় তাকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল। যেন তিনি ধমক দিচ্ছিলেন। ২টা ৫০ মিনিটের দিকে উদ্ধারকারী দল পাইপ থেকে ক্যামেরা তুলে নেয়। এসময় গণমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা বলে উল্লেখ করেন।