ঢাকায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ২৭ ডিসেম্বর ২০১৪

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনদিনের সরকারি সফরে ঢাকা পৌঁছেছেন। শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

দু’দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে তিনি ঢাকা সফরে এসেছেন। আগামীকাল রোববার সকালে তাদের মধ্যে বাণিজ্য ও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সেক্টরে চীনা সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সার্বিক বিষয়ে আলোচনা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, ঢাকা অবস্থানকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের কয়েকজন সিনিয়র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

কর্মকর্তারা আরও জানান, এই সফরের প্রধান লক্ষ্য হচ্ছে এ বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সরকারি সফরকালে দু’দেশের মধ্যে যেসব সমঝোতা স্মারক (এমওইউ) ও লেটার অব এক্সেঞ্জ স্বাক্ষরিত হয়েছে তার অগ্রগতি পর্যালোচনা।

সোমবার বিকেলে  চীনা পররাষ্ট্রমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।