সব ধর্মের মানুষের জন্য নিরাপদ নগর গড়তে চাই: মেয়র শাহাদাত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন/ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষের জন্য নিরাপদ নগর গড়ে তোলাই তার লক্ষ্য। তিনি বলেন, ‘সেফ সিটির মানে হলো—সব ধর্মের মানুষ যেন সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা বিভেদ নয়, ঐক্য দেখতে চাই। এ শহর আমাদের সবার, তাই সবার দায়িত্ব একে বাসযোগ্য ও নিরাপদ রাখা।’

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর লালদিঘীতে সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত উপহার বিতরণ অনুষ্ঠানে মেয়র শাহাদাত এসব কথা বলেন। জাতীয়তাবাদী হিন্দু ছাত্র ফোরাম, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাহাদাত বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা নিয়েই আমরা কাজ করছি। চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী সম্প্রীতির নগরী, যেখানে যুগ যুগ ধরে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই ঐতিহ্য যেন বিনষ্ট না হয়, বরং আরও শক্তিশালী হয়, সেটাই আমাদের লক্ষ্য।

চসিক মেয়র জানান, নগরীর প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম সিটি করপোরেশেন বদ্ধপরিকর। উৎসবকেন্দ্রিক সময়গুলোতে যেন কেউ অবহেলিত না হয়, সে লক্ষ্যেই বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সহযোগিতা অব্যাহত থাকবে।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে ডা. শাহাদাত বলেন, এই উৎসব আমাদের সহনশীলতা ও ভালোবাসার শিক্ষা দেয়। সবাই মিলে আমরা চট্টগ্রামকে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির নগর হিসেবে গড়ে তুলবো।

এমআরএএইচ/এমএমকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।