সরে দাঁড়ালো ফিলিস্তিন
জাতিসংঘ সাধারণ পরিষদে সাইপ্রাসের সঙ্গে লড়বে বাংলাদেশ
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। ফলে সাধারণ পরিষদের নির্বাচনে সভাপতি পদে লড়তে বাধা রইলো না বাংলাদেশের।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের নির্বাচন থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছে ফিলিস্তিন। নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার (২৫ ফেব্রুয়ারি) ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
ফলে আগামী মে মাসে জাতিসংঘের মর্যাদাপূর্ণ এই নির্বাচনে সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থিতা করার কথা ছিল। তবে, নতুন সরকার ক্ষমতায় যাওয়ার পর প্রার্থিতা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সদ্য বিদায়ী উপদেষ্টার জায়গায় নবনির্বাচিত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সাধারণ পরিষদের সভাপতির পদে মনোনীত করেছে সরকার।
সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ বছর চারেক আগেই প্রার্থিতা ঘোষণা করেছিল। প্রতিদ্বন্দ্বী হলো সাইপ্রাস। অনেক পরে এসে ফিলিস্তিন প্রার্থিতা ঘোষণা করে। এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেনি ফিলিস্তিন।
সাধারণ পরিষদে সাধারণত পাঁচটি আঞ্চলিক গ্রুপ থেকে পালাক্রমে সভাপতি নির্বাচিত হন। এবার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করছে।
জেপিআই/এএমএ