বাকলিয়ায় চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৬৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৪:১৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ছবি: জাগো নিউজ

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, ক্ষতিকর রাসায়নিক ব্যবহার এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য বাজারজাত করার দায়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাকলিয়া থানা এলাকায় র‍্যাব-৭, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান চালানো হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করে তাতে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বাজারজাত করছে। পরে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে দেলোয়ার ফুড প্রোডাক্টসহ মোট চারটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার ও খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সর্বমোট তিন লাখ ৬৭ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, রমজান মাসে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করা, ভেজাল নিয়ন্ত্রণ এবং দ্রব্যমূল্য সহনীয় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমআরএএইচ/এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।