বিশ্ব বাণিজ্য সংস্থার আইএফডিএতে যোগ দিচ্ছে বাংলাদেশ
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) প্লুরিল্যাটারাল জয়েন্ট স্টেটমেন্ট ইনিশিয়েটিভের আওতায় ‘ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট অ্যাগ্রিমেন্ট (আইএফডিএ)’-এ বাংলাদেশের যোগদানের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, এ চুক্তির লক্ষ্য বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ সহজ করা। এতে মার্কেট অ্যাকসেস বা ইনভেস্টর-স্টেট ডিসপিউট সেটেলমেন্ট বিষয়ে নতুন কোনো বাধ্যবাধকতা তৈরি হবে না। বরং বিনিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, নিবন্ধন ও অনুমোদন সহজ করা, অপ্রয়োজনীয় একাধিক আবেদন কমানো এবং দেশীয় বিনিয়োগকারীদের ডেটাবেজ সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে।
নাসিমুল গনি আরও জানান, সরকারের আশা, এই চুক্তিতে যোগ দিলে বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠিত হবে।
আরএমএম/এমকেআর