রাজধানীতে পাওনা টাকা না পেয়ে সহকর্মীকে লাঠিপেটা করে হত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৯ মার্চ ২০২৬
ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানাধীন জোয়ারসাহারা এলাকায় পাওনা টাকা দিতে না পারায় রাকিব হাসান (২৪) নামের এক ব্যক্তিকে লাঠিপেটা করে হত্যার অভিযোগ উঠেছে শাকিল নামে তারই এক সহকর্মীর বিরুদ্ধে। নিহত ব্যক্তি পেশায় নিরাপত্তাকর্মী ছিলেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সুমন বিশ্বাস জানান, পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত ব্যক্তির স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, রাকিব হাসান তার সহকর্মী শাকিলের কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। রাকিব ঈদের পর টাকা পরিশোধের কথা বললে একপর্যায়ে শাকিল ও তার সহযোগী মাসুদ মিলে রাকিবকে কাঠের লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে রাকিব গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান।

রাকিব লক্ষ্মীপুর সদর উত্তর চর রমণীমোহন গ্রামের সোহরাওয়ার্দীর ছেলে। বর্তমানে ভাটারার জোয়ারসাহারা এলাকার একটি মেসে থাকতেন।

এসআই সুমন বিশ্বাস জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।