লিবিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম চায় বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৬ এপ্রিল ২০২৬
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লিবিয়ার রাষ্ট্রদূত

বাংলাদেশ ও লিবিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে দুই দেশ।

এ লক্ষ্যে বাংলাদেশ–লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশটি বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসাকর্মী নিয়োগের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে লিবিয়ায় অবস্থানরত প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকেপড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে সহায়তার জন্য ধন্যবাদ জানান।

উভয়পক্ষ জ্বালানি, অবকাঠামো, ওষুধ শিল্প এবং জনশক্তি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। এসময় দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা জোরদারে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

রাষ্ট্রদূত সুলিমান সব খাতে, বিশেষ করে দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে লিবিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাংলাদেশ ও লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় জোরদার এবং নিয়মিত উচ্চপর্যায়ের সফরের মাধ্যমে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান।

রাষ্ট্রদূত লিবিয়ার পক্ষ থেকে বাংলাদেশ ও প্রবাসীদের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

জেপিআই/এমকেআর 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।