প্রাইভেটকারের ধাক্কা

মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫১ পিএম, ২৬ এপ্রিল ২০২৬
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। তারা হলেন- সাব্বির হোসেন (২১) ও মো. রিফাত (২২)। দুজনই এ বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে রূপগঞ্জ থানাধীন তিনশ ফিট জলসিঁড়ি বিশ্বরোড চত্বরে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৬টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা মো. মনির জানান, তিনশ ফিট জলসিঁড়ি বিশ্বরোড এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আনা হয় ঢামেক হাসপাতালে।

নিহত শিক্ষার্থীদের স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, দুই বন্ধু ব্রাহ্মণবাড়িয়া থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের শেখেরকান্দা এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে সাব্বির রাজধানীর খিলগাঁও মডেল কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী। একই এলাকার বাসিন্দা নুর ইসলামের ছেলে রিফাত বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।