চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২১ পিএম, ০২ মে ২০২৬
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করেন শ্রমিকরা, ছবি: জাগো নিউজ

বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন সিঅ্যান্ডবি মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আজিম টাওয়ার গার্মেন্টসের শ্রমিকরা। এতে বহদ্দারহাট-কালুরঘাট সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে চরম ভোগান্তিতে পড়েন স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ এবং এসএসসি পরীক্ষার্থীরা।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, গত দুই মাস ধরে তাদের বেতন বকেয়া রয়েছে। বেতন না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকরা জানান, আমরা কাজ করেও বেতন পাচ্ছি না। এভাবে চললে সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে।

খবর পেয়ে শিল্প পুলিশ ও চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

শিল্প পুলিশের পরিদর্শক বাছা মিয়া জানান, শ্রমিকদের সঙ্গে এবং মালিকপক্ষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হয়েছে, তবে এখনো গ্রহণযোগ্য কোনো সমাধান হয়নি।

তিনি আরও বলেন, শ্রমিকদের একটি অংশ সড়ক ছেড়ে গেলেও এখনো পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়নি।

এমআরএএইচ/এসএনআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।