প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ঢাকায় আনা হচ্ছিল ২ লাখ ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০৪ মে ২০২৬
জব্দকৃত ২ লাখ পিস ইয়াবা

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে অভিনব কায়দায় লুকিয়ে কক্সবাজার থেকে ঢাকায় দুই লাখ পিস ইয়াবা পাচারের সময় দুর্জয় দত্ত নামের এক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, চক্রটি ইয়াবার বড় বড় চালান ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল।

সোমবার (৪ মে) রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ এসব তথ্য জানান।

হাসান মারুফ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (৩ মে) বিকেল ৩টায় ওয়ারী থানার ৪৫ লালমোহন সাহা স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ কার্যালয়)। আমাদের কাছে তথ্য ছিল একটি চক্র বেশকিছু দিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকা ও পার্শ্ববর্তী জেলায় সরবরাহ ও বিক্রয় করে আসছে।

jagonews24

তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা ওই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে নিশ্চিত হই যে, চক্রটি কক্সবাজার থেকে ঢাকাগামী একটি কালো রঙের প্রিমিও প্রাইভেট গাড়িতে বিপুল পরিমাণে ইয়াবা ঢাকার ওয়ারী এলাকায় সরবরাহ করবে। সেই সূত্র ধরে আমাদের টিম ওয়ারীর ৪৫ লালমোহন সাহা স্ট্রিট থেকে ওই গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডার থেকে ইয়াবা উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, ইয়াবার বড় বড় চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকায় এবং দেশের বিভিন্ন জেলায় পাইকারি মাদক কারবারিদের সরবরাহ করে আসছিল চক্রটি। গ্রেফতার ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এছাড়াও ওইদিন রাজধানীতে পৃথক চারটি অভিযানে পাঁচ হাজার ৭৮০ পিস ইয়াবা ও চার কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানান তিনি। এসব অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে যাত্রাবাড়ি থেকে দুই হাজার ৮০০ পিস ইয়াবাসহ মো. শহীদ (২৮), বনানীর টিএন্ডটি মাঠ ও কড়াইল বস্তি থেকে চার কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪), সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবিকে (২৭) গ্রেফতার করা হয়।

হাসান মারুফ আরও বলেন, একই দিন অন্য একটি অভিযানে জোয়ার সাহারায় একটি কুরিয়ার সার্ভিস সেন্টারের ভেতরের স্ক্যানিং মেশিনের সামনে স্কুলব্যাগ থেকে ৯৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে বিপুল পরিমাণ চোলাইমদ, চোলাইমদ তৈরির উপকরণ ওয়াশ ও সরঞ্জাম উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. সাদেক মোল্লা (৫৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

কেআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।