আসন্ন সংসদ অধিবেশনে ডিজিটাল বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন
সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া বিল প্রস্তুত করেছে। একই সাথে ওই খসড়া বিলে রাষ্ট্রপতির মাধ্যমে একজন উপাচার্য নিয়োগের বিধানেরও প্রস্তাব করা হয়েছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন-২০১৪ নামে এ খসড়া বিলে বিশ্ববিদ্যালয়ে একজন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সার্চ কমিটি গঠনের নিয়ম বাদ দেয়া হয়েছে।
শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, আমরা ইতোমধ্যে ডিজিটাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন-২০১৪ বিল প্রস্তুত করেছি এবং এটি চূড়ান্ত করার পর তা পাসের জন্য আসন্ন জাতীয সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা সচিব আরো বলেন, একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষজ্ঞ ও শিক্ষকদের মতামত গ্রহণের জন্য এ খসড়া চূড়ান্ত করার আগে অনেকগুলো সেমিনারের আয়োজন করা হবে। দেশে এই প্রথম এ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে ভাষা, রোবোটিক ও ন্যানো প্রযুক্তির ল্যাব এবং এ্যানিমেশন স্টুডিও ও ইনকিউবেটরসহ আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।
এটি বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হবে এবং এখানে তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়ে গবেষণা পরিচালিত হবে। এর বাইরে এখানে ডিজিটাল প্রযুক্তি, বায়োটেকনোলজি, ডিজিটাল ম্যানেজমেন্ট, ডিজিটাল উন্নয়ন ও অগ্রসর প্রযুক্তি বিষয়ে পাঠ ও গবেষণা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালের ফেব্রুয়ারিতে তাঁর গাজীপুর সফরকালে এই ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। -বাসস