হরতাল অবরোধ অসাংবিধানিক, বেআইনি : আইজিপি
পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বলেছেন, হরতাল অবরোধ কোন সাংবিধানিক অধিকার নয়। এটা বেআইনি কাজ। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া আইনশৃংখলা বাহিনীর দায়িত্ব।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় সিলেট নগরীর চৌহাট্টস্থ মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে জননিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় কাজ করবো। জনগণ আমাদের পাশে থাকবে।
এ সময় তিনি পুলিশের কাজে সিলেটের সাংবাদিক ও জনগণের সহযোগিতা কামনা করেন।
প্রেস ব্রিফিংয়ে এ সময় আরো উপস্থিত ছিলেন- সিলেটের ডিআইজি মিজানুর রহমান, এসএমপি কমিশনার কামরুল আহসান, জেলা পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ।
এর আগে দুপুরে সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন আইজিপি একে এম শহীদুল হক।