খোঁজ মিলছে না মাহবুবের


প্রকাশিত: ০৫:৫৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীর মুগদা থানাধীন মান্ডা এলাকা থেকে মাহবুব ওরফে মুহিবুল্লাহ নামে এক যুবককে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মাহবুবের পরিবার জানায়, শনিবার দিনগত রাত ১২টার দিকে মান্ডা বড়পাড়া জুরা মসজিদ সংলগ্ন ৪ নাম্বার ওয়ার্ড এলাকার বাসা থেকে ডিবি পুলিশ পরিচয়ে কয়েকজন লোক মাহবুবকে আটক করে নিয়ে যায়।

রাজধানীর তোপখানা রোডস্থ ‘মাছরাঙ্গা কনসাল্টেন্ট লিমিটেড’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ অফিসার (ট্যাক্স, একাউন্ট এবং কোম্পানী ল’) পদে চাকরি করেন মাহবুব।

এ ঘটনায় আটককৃতের পরিবারের পক্ষ থেকে মুগদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও তা গ্রহণ করেনি পুলিশ। এনিয়ে পরিবারটি রয়েছে দুশ্চিন্তায়।

মাহবুবের বাবা বরকতউল্লাহ রাতে জাগোনিউজকে অভিযোগ করে বলেন, রাত ১২টার দিকে কিছু লোক এসে বাসার দরজায় কড়া নাড়ে। দড়জা খোলা মাত্র তারা ভেততে প্রবেশ করে চারদিকে তল্লাশি শুরু করে।

মাহবুব ঘুম থেকে উঠলে জিজ্ঞাসা করে তোমার নাম কী, মাহাবুব নাম তার জানায়। আরও কোনো নাম আছে কিনা জানতে চাইলে মাহবুব বলে এলাকায় সবাই মুহিবুল্লাহ নামে জানে। এরপর ডিবি পোশাক পরিহিত ওই লোকগুলো বলেন, ‘আমরা ডিবির লোক। আমাদের সাথে আপনাকে যেতে হবে’। এই বলে মাহবুবকে আটক করে একটি গাড়ীতে উঠিয়ে নিয়ে যায় তারা।

তবে কোন অভিযোগের ভিত্তিতে মাহবুবকে আটক করা হলো জানতে চাইলে তারা উত্তর না দিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে অভিযোগ করেন মাহবুবেব বাবা বরকতউল্লাহ।

তিনি বলেন, ‘আদৌ ডিবি পুলিশ তাকে আটক করে নিয়ে গেলো নাকি অন্য কেউ তা বুঝতে পারছি না। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছি।’ ঘটনার পর থেকে মাহবুবের মা নেকলেস বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। কান্নাকাটি করছেন।

অন্যদিকে রাত পেড়িয়ে সকাল হলেও মাহবুবের কোনো খোঁজ না মেলায় ছোট ভাই হাবিবুল্লাহ ও বোন-জামাই সলিমুল্লাহ সাধারণ ডায়েরি করার জন্য মুগদা থানায় যান। কিন্ত ২ ঘন্টা বসিয়ে রেখে পুলিশ তাদের জিডি গ্রহণ করেননি।

এ ব্যাপারে সলিমুল্লাহ জাগোনিউজকে বলেন, ওসি স্যার নেই সেজন্য জিডি নিচ্ছে না পুলিশ। পরে তিনি আবার জানান, ওসি সাহেব একবার এসে চলে গেছেন। এরপর দুঘণ্টা বসিয়ে রেখে তারা জিডি গ্রহণ করেননি।

যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এসআই মিজানুর রহমান প্রথমে জানান, এ ধরনের অভিযোগ নিয়ে কেউ থানায় জিডি করতে আসেননি।

পরে সব তথ্য দিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঠিক আছে আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি। কিন্তু সর্বশেষ খোঁজ নিয়ে জানা গেছে জিডি নেয়নি মুগদা থানা পুলিশ।

পরে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে রাতে যোগাযোগ করা হলে এসআই আব্দুল হক জানান, এ ধরনের কাউকে আটক করে এখানে আনা হয়নি। ভুক্তভোগী পরিবারকে থানায় জিডি করার পরামর্শ দেন তিনি।

পরে রোববার সকাল সাড়ে ৯টায় পুনরায় ডিবি কার্যালয়ে যোগাযোগ করা হলে এসআই মুক্তার বলেন, মাহবুব নামে কাউকে আটকের তথ্য নেই তার কাছে। রোববার ডিবি কার্যালয়ে তাকে আনা হলে পরিবারের সাথে কথা বলানোর ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ডিএমপি ডিসি (মিডিয়া) মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের কোনো তথ্য তিনি জানেন না। তিনিও ডিবি কার্যালয়ে খোঁজ নেয়ার পরামর্শ দেন।

জেইউ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।