সময় ১৫ মিনিট : দেশজুড়ে রাস্তায় ব্যবসায়ীরা
হরতাল, অবরোধ ও সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় পতাকা হাতে দেশজুড়ে রাস্তায় অবস্থান করেছেন ব্যবসায়ীরা। বেলা ১২টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় ব্যবসায়ীদের ১৫ মিনিটের অবস্থান কর্মসূচি।
দেশ বাঁচাও, অর্থনীতি বাঁচাও - এই স্লোগানে এ কর্মসূচি পালিত হয়। এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী ও মো. হেলাল উদ্দিনসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। ১২টা ১৫ মিনিটে আবারও জাতীয় সংগীতের মাধ্যমেই এ কর্মসূচি শেষ হয়।
এর আগে শনিবার দুপুরে এফবিসিসিআই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে ব্যবসায়ীরা নিজ নিজ ব্যবসা, শিল্পপ্রতিষ্ঠান, চেম্বার/ অ্যাসোসিয়েশনের সামনে জাতীয় পতাকা হাতে অবস্থান কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছে। দেশের সব জেলা চেম্বার ও অ্যাসোসিয়েশন, দোকান ও নিজ নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এবং প্রধান সড়কের পাশে শিল্প-বাণিজ্যের অবকাঠামো ধ্বংসের প্রতিবাদে ও শান্তির দাবিতে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। গত ১ ফেব্রুয়ারি এফবিসিসিআই এ কর্মসূচি ঘোষণা করেছিল।
এসআই/এএইচ/আরআইপি