রায় প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের
মানবতাবিরোধী অপরাধ মামলায় জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখান করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপত্র ডা. ইমরান এইচ সরকার।
পাশাপাশি এ রায়ের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিলেরও ঘোষণা দেন তিনি। মঙ্গলবার দুপুরে শাহবাগে ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারের রায়ের প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।
ইমরান এইচ সরকার রাষ্ট্রপক্ষকে এ রায়ের বিপক্ষে আপিল করারও দাবি জানান। মানবতাবিরোধীদের বয়সের বিবেচনায় দণ্ড কমিয়ে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
মঙ্গলবার দুপুর ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিম এই রায় ঘোষণা করেন।
তবে ট্রাইব্যুনাল জানান, জব্বার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের অপরাধ করেছেন। কিন্তু বয়স বিবেচনায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
বিএ/আরআইপি