সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর, সস্তা করাচি
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে স্বীকৃতি পেল সিঙ্গাপুর। গত বছর টোকিওকে হটিয়ে এ জায়গা দখল করে সিঙ্গাপুর।
টোকিও এবার পিছিয়ে ১১তম স্থানে নেমে গেছে। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) এর বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে বিবিসি।
ইআইইউ-এর জরিপে সিঙ্গাপুরের পরেই সবচেয়ে ব্যয়বহুল শহর হিসেবে নাম এসেছে প্যারিসের। এরপর আছে যথাক্রমে অসলো, জুরিখ ও সিডনি।
ইআইইউ-এর গবেষণার ভিত্তি শহর ছিল নিউ ইয়র্ক সিটি। বিশ্বের মোট ১৩৩টি শহর এই গবেষণার অন্তর্ভুক্ত ছিল। খাবার ও পোশাকের দাম, নিত্যপণ্য এবং সেবামূল্যসহ মোট ১৬০টি সূচকে এ গবেষণা চালানো হয়।
ফলাফলে দেখা যায়, পোশাকের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ গুণতে হয় সিউলে। নিউ ইয়র্কে এর অর্ধেক দামে পোশাক কেনা যায়। আর নিত্যপণ্যে নিউ ইয়র্কের চেয়ে ১১ শতাংশ বেশি খরচ করতে হয় সিঙ্গাপুরে। জীবনযাত্রার ব্যয়ে নিউ ইয়র্কের চেয়ে তিনগুণ বেশি ব্যয়সাপেক্ষ শহর সিঙ্গাপুর।
অন্যদিকে, গবেষণায় দেখা গেছে এবছর বিশ্বের সবচেয়ে সস্তা শহর পাকিস্তানের করাচি। এরপর আছে ভারতের ব্যাঙ্গালুরু। তিন নম্বরে আছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। সস্তার তালিকায় আছে ভারতের আরো দুটি শহর – চতুর্থ স্থানে মুম্বাই, পঞ্চম চেন্নাই।
এসআরজে