যাত্রাবাড়ীতে ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই
রাজধানীর যাত্রাবাড়ীতে এক ঝুট ব্যবসায়ীকে কুপিয়ে ৪৬ হাজার টাকা ও দুটি দামি মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। আহত ওই ব্যবসায়ীর নাম কামাল হোসেন (৩৫)। শুক্রবার রাত ২টার দিকে যাত্রাবাড়ীর ভাঙ্গাপ্রেস নাম স্থানে এ ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত কামাল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
কামালের সহযোগী মুনির হোসেন জানান, কামাল যাত্রাবাড়ীর মৃধাবাড়ী এলাকায় থাকেন। টঙ্গী মেইন গেইট এলাকায় তাদের ছোট গোডাউন আছে। রাতে সেই গোডাউন থেকে মালামাল ডেলিভারি করে নগদ ৪৬ হাজার টাকা নিয়ে বাসায় ফেরার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
জেইউ/বিএ/এমএস