অভিজ্ঞতা অর্জনে যুক্তরাজ্যে গেলেন শিল্পমন্ত্রী
উন্নত দেশগুলোর অবকাঠামো ও গুণগত মাননীতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে যুক্তরাজ্যে গেলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার শিল্পমন্ত্রীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
প্রতিনিধিদল আগামী ১১ এপ্রিল পর্যন্ত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন মান ইন্সটিটিউট, অ্যাক্রেডিটেশন সংস্থা এবং গবেষণাগার পরিদর্শন করবেন।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যরা হলেন- পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য এস.এম. গোলাম ফারুক, বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক, আইএমইডি’র প্রধান শেখ নজরুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান মু. আনোয়ারুল আলম এবং মন্ত্রীর সহকারী একান্ত সচিব এফ.এম. মাহমুদ (কিরন)।
আগামী ২৮-৩১ মার্চ লন্ডনে অবস্থিত ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইন্সটিটিউটশন এবং ইউনাইটেড কিংডম অ্যাক্রেডিটেশন সার্ভিস পরিদর্শন করবেন প্রতিনিধিদল। পরিদর্শনকালে তারা সংস্থাগুলোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। ১-৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিসহ অন্যান্য মান সংস্থা ও গবেষণাগার পরিদর্শন করবেন। পরিদর্শনকালে তারা এসব প্রতিষ্ঠানের মানোন্নয়ন সম্পর্কিত তথ্য-উপাত্ত সংগ্রহ করবেন। এর পাশাপাশি তারা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে মান অবকাঠামোর উন্নয়নে প্রতিষ্ঠানগুলোর বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানবেন।
এছাড়া আগামী ৮-১১ এপ্রিল কানাডার অটোয়ায় অবস্থিত কানাডিয়ান অ্যাসোসিয়েশন ফর ল্যাবরেটরি অ্যাক্রেডিটেশন এর কার্যালয় পরিদর্শন করে সংস্থার কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা নেবেন প্রতিনিধিদলটি। এ সময় তারা স্থানীয় শিল্প উদ্যোক্তা, মান গবেষক, পরীক্ষকসহ সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন।
উল্লেখ্য, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং ইউনিডো ও নোরাডের কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন ‘বেটার ওয়ার্ক অ্যান্ড স্ট্যান্ডার্ডস প্রোগ্রাম’ শীর্ষক প্রকল্পের আওতায় এ সফর আয়োজন করা হয়েছে। বাংলাদেশে উৎপাদিত পণ্য ও সেবার গুণগতমান বিশ্বমানে উন্নীত করতে উন্নত দেশগুলোর আদলে প্রয়োজনীয় নীতি ও অবকাঠামোগত সংস্কার ও উন্নয়নের কার্যকর উদ্যোগ গ্রহণ এ সফরের অন্যতম লক্ষ্য।
শিল্পমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল আগামী ১৩ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।
এসআই/আরএস/পিআর