হরতালে শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩৬ পিএম, ২৮ মার্চ ২০১৫
ফাইল ছবি

বিএনপির সরকার পতনের গত তিনমাসে হরতাল-অবরোধের মধ্যে স্থবির হয়ে যাওয়া শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার রেসিডেনসিয়াল মডেল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ৩২ জন জেলা শিক্ষা কর্মকর্তা ও ৩২ জন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষদের হাতে গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা পরিবারের সকল সদস্যদের প্রতি এ আহ্বান জানান তিনি।

নুরুল ইসলাম নাহিদ বলেন, গত তিনমাসে শিক্ষার অপূরণীয় ক্ষতি হয়েছে। আমাদের সাড়ে পাঁচ কোটি ছাত্র-ছাত্রী তিনমাস ধরে ক্লাস করতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না, লেখাপড়া করতে পারছে না। এটি জাতির জন্য বিশাল ক্ষতি। এমনকি বছরের প্রথমদিনে সাড়ে চারকোটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই বিতরণের দিনে হরতাল দিয়ে বাধা সৃষ্টি করা হয়েছিল।

তিনি বলেন, প্রথম শ্রেণি থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিশুকিশোর-যুবাদের মধ্যে ভীতি, অনিশ্চয়তা, আতঙ্ক সৃষ্টি করে তাদের ওপর যে চাপ ও নেতিবাচক প্রভাব পড়েছে তার ফলে নতুন প্রজন্মের আত্মবিশ্বাসে আঘাত হেনেছে। এ প্রজন্মই আগামী ৪০/৫০ বছর ধরে দেশ পরিচালনা করবে। তাদের আত্মবিশ্বাসের এ ক্ষতের কারণে জাতিকে খেসারত দিতে হবে।

নতুন প্রজন্মের স্বার্থে শিক্ষাকে রাজনৈতিক কর্মসূচির বাইরে রাখার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, যে কোনো পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা রুটিনমাফিক নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। এর কোনো বত্যয় হবে না।

এ সময় পরীক্ষার্থী-অভিভাবক, শিক্ষক-কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সর্বাত্মক সজাগ থাকার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে জেলা শিক্ষা অফিসারদের জন্য প্রদত্ত গাড়িগুলো সম্পূর্ণভাবে শিক্ষার মানোন্নয়নে ব্যবহারের নির্দেশ দেন।

শিক্ষমন্ত্রী বলেন, এই প্রথম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ব্যবহারিক ক্লাসের প্রয়োজনে এধরনের গাড়ি প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এধরনের গাড়ি প্রদান করা হবে।

শনিবার আনুষ্ঠানিকভাবে জেলা শিক্ষা অফিসার- সিলেট, যশোর, পটুয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, পঞ্চগড়, টাঙ্গাইল, বগুড়া, চট্টগ্রাম, কিশোরগঞ্জ, ঢাকা, গাজীপুর, কুমিল্লা, নোয়াখালী, বান্দরবান, নেত্রকোনা, মাদারীপুর, রাজশাহী, দিনাজপুর, রংপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, খুলনা, বরিশাল, নারায়ণগঞ্জ, ফরিদপুর, সুনামগঞ্জ, মানিকগঞ্জ, নীলফামারী ও ভোলাকে একটি করে নতুন জিপ প্রদান করা হয়েছে। টিকিউআই প্রকল্প এই নতুন গাড়িগুলো প্রদান করছে। দ্বিতীয় পর্যায়ে বাকি ৩২ জেলায় নতুন গাড়ি দেয়া হবে।

এছাড়া পুরানো আরো ৩২টি জিপ ৩২টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ- নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, নাটোর, রংপুর, পাবনা, দিনাজপুর, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা, বরিশাল, মৌলভীবাজার, সিলেট, কক্সবাজার, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, পঞ্চগড়, খাগড়াছড়ি, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, জামালপুর, সুনামগঞ্জ ও নীলফামারী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুনের সভাপতিত্বে অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার, টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-ওও ইন সেকেন্ডারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক বনমালী ভৌমিক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের যুগ্মপরিচালক শেখ আলমগীর হোসেন বক্তৃতা করেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।