স্পেনের সেক্রেটারি অব স্টেট আসছেন আজ
স্পেনের সেক্রেটারি অব স্টেট ইগনাসিও ইবানেস দুদিনের সফরে ঢাকায় আসছেন আজ। ইতোপূর্বে দাতব্য কাজে স্পেনের রানি একবার বাংলাদেশে এলেও সরকারি পর্যায়ে এটাই স্পেন থেকে বাংলাদেশে প্রথম কোনো উচ্চপর্যায়ের সফর। ইউরোপীয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি তিনি।
রোববার সকালে স্পেনের সেক্রেটারি অব স্টেট ঢাকায় পৌঁছে বেলা সাড়ে ১১টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বেলা পৌনে ১টায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
বিকেল ৩টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠকে বসবেন স্পেনের সেক্রেটারি অব স্টেট। সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন ইগনাসিও ইবানেস।
জানা গেছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদে বাংলাদেশ একবার স্পেনকে সমর্থন দিয়েছিল। ওই ব্যাপারে কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে তিনি এবারের সফরে আসছেন। তবে এ সফরে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে। বর্তমানে স্পেনে বছরে বাংলাদেশের রফতানির পরিমাণ এক দশমিক ছয় বিলিয়ন ডলার।
এ ছাড়া বর্তমানে বাংলাদেশে স্পেনের বিনিয়োগ থাকলেও বিদ্যুৎ খাতে আরও বিনিয়োগ করতে আগ্রহ জানাতে পারেন। কেননা তিনি নিজেই বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠকে আগ্রহ ব্যক্ত করেছেন।
বিএ/এমএস