দারুসসালামে নির্যাতনে শিশুর মৃত্যু, আটক ৫
রাজধানীর দারুসসালামে বখাটেদের নির্যাতনে আল আমিন (১০) নামে এক শিশু নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় দারুসসালাম থানার হরিরামপুর চিতাখোলা এলাকা থেকে অচেতন অবস্থায় শিশুটিকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আল আমিনের বাবার নাম কামাল হোসেন। চিতাখোলা এলাকায় তাদের বাড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন দারুসসালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় কয়েকজন বখাটে খেলাধুলার সময় আল আমিনের ন্যাড়া মাথায় বালু দেয়। এনিয়ে আল আমিনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বখাটেদের এলোপাতাড়ি মারধরে অচেতন হয়ে পড়েন আল আমিন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধারের পর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পাঁচজনকে আটক ও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
জেইউ/বিএ/আরআইপি