নিউইয়র্কে মে মাসে বাংলা উৎসব


প্রকাশিত: ০৩:২৭ এএম, ০১ এপ্রিল ২০১৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার ২৪তম আসর বসছে আগামী মে মাসে। ২২, ২৩ ও ২৪ মে এই উৎসবের উদ্বোধনী দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বাংলা প্রামাণ্যচিত্র মুক্তির গান-এর নির্মাতা লেয়ার লেভিনকে সম্মানিত করবে আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন। খবর বিজ্ঞপ্তি

উৎসবকে সফল করে তুলতে বুধবার বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়েছে। মুক্তধারা ফাউন্ডেশন উৎসবে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশের সৃজনশীল প্রকাশক ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানাবে এই সভা থেকে।

১৯৯২ সালে জাতিসংঘ ভবনের সামনে শহীদ মিনার স্থাপন করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তর আমেরিকায় বইমেলার গোড়াপত্তন করা হয়। এ বছরই প্রথম বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো এ উৎসবকে বিস্তৃত করার জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে। তাই আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলার আহ্বায়ক কমিটি প্রকাশকদের জন্য বিনা মূল্যে স্টলের ব্যবস্থা করেছে।

আয়োজকেরা জানিয়েছেন, ইতোধ্যে মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা ও প্রথমা প্রকাশনসহ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ২৫টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরোর এই সহযোগিতার কারণে নিউইয়র্ক ছাড়াও ভার্জিনিয়া ও নিউজার্সিতে অনুরূপ মেলার আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন। ২৯ ও ৩০ মে ভার্জিনিয়ায় এবং ৩১ মে নিউজার্সিতে এই উৎসব অনুষ্ঠিত হবে।

বাংলাদেশি বই ও পণ্যসামগ্রী উত্তর আমেরিকার প্রবাসীদের সামনে তুলে ধরার এই উদ্যোগকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের লেখক, প্রকাশক ও বিশিষ্ট ব্যক্তিরা। এতে প্রতিবছরের মতো এবারও অংশ নেবে বাংলাদেশের বিখ্যাত লেখক-সাহিত্যিক-সাংবাদিক, প্রকাশক, বিশিষ্ট ব্যক্তি ও নামী প্রতিষ্ঠান।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।