হরতালমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটরে ডাকা চলমান অবরোধ থাকলেও হরতালমুক্ত পরিবেশে শুরু হলো দেশের ১০টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বুধবার সকাল ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র বিষয়ের পরীক্ষা শুরু হয়।
এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৬৭ হাজার ৪৯০ জন। গত বছর মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪১ হাজার ৩৭৪।
এ বছর অংশ নেওয়া মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫ লাখ ৭০ হাজার ৯৯৩ ও ছাত্রী ৫ লাখ ২ হাজার ৮৯১। এবার মোট শিক্ষার্থীর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ৮ লাখ ৮৬ হাজার ৯৩৩, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৮৪ হাজার ৩৬০, কারিগরি বোর্ডের অধীনে ৯৮ হাজার ২৪৭ ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৩৪৪ শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া এসএসসির প্রতিটি পরীক্ষা হরতালের কারণে শুক্র ও শনিবার সরকারি ছুটির দিনে নিতে হয়েছে। তবে আজ বুধবার হরতাল না থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে আবারো ২৪ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার।
আরএস