কামারুজ্জামানের সঙ্গে শেষ সাক্ষাতের প্রস্তুতি পরিবারের
ফাঁসি কার্যকর হওয়ার আগে শেষবারের মতো কামারুজ্জামানের সঙ্গে দেখা করার প্রস্তুতি নিয়েছে তার পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ এখনও পরিবারকে এ বিষয়ে কোনো চিঠি না দিলেও আইনজীবীদের মাধ্যমে আবেদন করে দেখা করার চেষ্টা করছেন তারা।
কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল বলেন, আইনজীবীরা আমাদের দেখা করার আবেদন প্রস্তুত রাখতে বলায় আমরা তা প্রস্তুত রেখেছি। তারা খবর পাঠালেই আমরা কেন্দ্রীয় কারাগারের দিকে রওনা হব।
এর আগে গত সোমবার ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজের রায়ের পর ওই দিন রাতে কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা।
এ ব্যাপরে হাসান ইকবাল জানান, ওই দেখাই শেষ দেখা নয়। কারণ, শেষ দেখা হলে সাধারণত আসামিকে পরিবারের সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। তিনি বলেন, সেদিন বাবার সঙ্গে আমাদের সরাসরি সাক্ষাৎ হয়নি। আমরা সেলের গেট খুলে দিতে বললে কারা কর্তৃপক্ষ আমাদের বলেছে, আপনারা সম্ভবত আরেকবার দেখা করার সুযোগ পাবেন।
কামারুজ্জামানের সঙ্গে শেষ দেখা করার জন্য পরিবারের সদস্যরা মানসিকভাবে প্রস্তুত বলেও জানিয়েছেন বড় ছেলে হাসান ইকবাল।
জেইউ/এএইচ/একে/আরআইপি