পুলিশ-কোস্টগার্ডকে আধুনিকায়ন করা হবে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৬ মে ২০১৫

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার জলদস্যুতা, মানব ও মাদকপাচার কঠোর হস্তে দমনে বদ্ধ পরিকর। এ ধারা অব্যাহত থাকবে। এছাড়া যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশ ও কোস্টগার্ডকে আধুনিক সরঞ্জামে আরো শক্তিশালী করা হবে।

শনিবার দুপুরে দ্বীপ উপজেলা মহেশখালীতে আয়োজিত সুধী সমাবেশ ও উপজেলা আইনশৃংখলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশের আগে তিনি মহেশখালীতে নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।

এসময় তিনি বলেন, খবরের কাগজে পড়েছি আগুন লাগলে মহেশখালীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর আর কোনো উপায় থাকে না। সে সময়ের অবসান করে দিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আগুন লাগলে আর দাঁড়িয়ে চেয়ে থাকতে হবে না। ফায়ার সার্ভিস আগুন নেভানোর পাশাপাশি যে কোনো দুর্যোগে উদ্ধার কাজ চালিয়ে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল নাসেরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশখালী- কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, সদর-রামু আসনের সাংসদ সাইমুন সরওয়ার কমল, জেলা প্রশাসক আলী হোসেন, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সভাপতি আহমদ হোসেন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমদ সিআইপি, জেলা যুগ্ম সম্পাদক সিরাজুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌর মেয়র মকসুদ মিয়া, উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহীম প্রমুখ।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।