কামরাঙ্গীরচরে ভেজাল সেমাই তৈরি : মালিকের জরিমানা
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ভেজাল খাদ্যদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরির দায়ে কারখানার মালিককে জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। বুধবার দুপুর থেকে বিকেল অবধি এ অভিযান চালায় র্যাব-১০ এর একটি দল। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম জাগো নিউজকে জানান, কামরাঙ্গীরচরের জামান ফুড প্রোডাক্টস নামের একটি লাচ্ছা সেমাই তৈরীর কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই তৈরি করছে। এমনকি সেমাই তৈরির উপকরণ ফ্লোরে ফেলে পা দিয়ে মেশানো হচ্ছে। এসব খাদ্যদ্রব্য মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
সরেজমিন অভিযানে এসব তথ্য প্রমাণের ভিত্তিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই তৈরীর অপরাধে কারখানার মালিক নুরুজ্জামানকে তিন লাখ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। পুরো রমজানে এ ধরণের ভেজাল সেমাই তৈরির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
জেইউ/এসএইচএস/আরআই