মোবাইল চুরির দায়ে ৭ জনকে সাজা
মোবাইল চুরির সঙ্গে জড়িত ৭ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে মহানগর পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ বুধবার পল্লবী থানার লালমাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করেন। ডিএমপি’রভ্রাম্যমাণ আদালদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল কুদ্দুছ তাদের সাজা দেন। অপরাধীরা হলেন- রাজিবুল ইসলাম, মগবুল খান, মনির হোসেন, মো. সোহেল, সেলিম আলম, নাজমুল ইসলাম এবং লিটন।
তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৩৮ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের ডিসি (উত্তর) শেখ নাজমুল আলম এর নির্দেশনায় এডিসি (উত্তর) মো. শাহাজাহান এর তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
সূত্র জানায়- জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তারা চোরাই মোবাইল সংগ্রহ করে এবং সেগুলো বিক্রি করে থাকে। তারা দোষ স্বীকার করায় তাদের প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
জেইউ/এসএ/এসএইচএস/আরআইপি