হানিফ ফ্লাইওভারে বাস উল্টে দুই কাবাডি খেলোয়াড় আহত

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৫ অক্টোবর ২০২১
ফাইল ছবি

মেয়র হানিফ ফ্লাইওভারে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এতে আহত হয়েছেন দুই নারী কাবাডি খেলোয়াড়।

শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত দুই খেলোয়াড় হলেন- মোছা. সোনিয়া আকতার (২১) ও মোছা. হাসনা আকতার (২০)। তারা বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নারী খেলোয়াড়।

কাবাডি টিম ম্যানেজার দিশা মনি সরকার জানান, ওই নারী দুই খেলোয়াড় ছুটিতে যাওয়ার জন্য গুলিস্তান থেকে বাসে উঠেছিলেন। তাদের গ্রামের বাড়ি জামালপুর ও শরীয়তপুরে।

এদিকে ঘটনার পরই পালিয়েছেন বাসচালক ও হেলপার। বাসটি সরিয়ে নিতে রেকার ডাকা হয়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, গুলিস্তান থেকে ডেমরা রোডে চলাচলকারী আসিয়ান (ঢাকা মেট্রো ব- ১৪-৬৮৫৬) নামে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে কয়েকজন যাত্রী ও দুই খেলোয়াড় আহত হন। তাদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ফ্লাইওভার থেকে দুইজন কাবাডি খেলোয়াড় আহত হয়ে হাসপাতালে এসেছেন।

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।