জাতীয় সংসদের দশম অধিবেশন ২৪ এপ্রিল


প্রকাশিত: ১০:৪৬ এএম, ৩০ মার্চ ২০১৬

জাতীয় সংসদের দশম অধিবেশন ২৪ এপ্রিল (রোববার) শুরু হবে। ওইদিন বিকেল ৫টায় অধিবেশন বসবে। এটি চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। জাতীয় সংসদের গণসংযোগ অধিশাখা থেকে বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলমান দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২৭ কার্যদিবস চলার পর ২৯ ফেব্রুয়ারি (সোমবার) শেষ হয়।
গত ২০ জানুয়ারি শুরু হওয়া বছরের প্রথম এ অধিবেশনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদ ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা ছিল প্রতিটি কার্যদিবসের মূল কার্যসূচি। প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা বাদে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২০৯ জন ৫২ মিনিট করে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন।

সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করতে হবে।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।