হজের প্রাক-নিবন্ধনে বেসরকারি কোটা শেষ


প্রকাশিত: ০৪:৩২ এএম, ৩১ মার্চ ২০১৬
ফাইল ছবি

নিবন্ধন শুরু হওয়ার সাতদিনের মধ্যেই শেষ হয়েছে বেসরকারি হজযাত্রীর প্রাক-নিবন্ধনের কোটা। তবে কোটা পূরণ না হওয়ায় এখনো প্রাক-নিবন্ধন চলছে সরকারি ব্যবস্থাপনায়। ধর্ম মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন।গত ২০ মার্চ ‘হজ ই-সার্ভিসের’ আওতায় প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন হলেও হজ এজেন্সির সঙ্গে কিছু চুক্তির আনুষ্ঠানিকতা বাকি থাকায় ২৩ মার্চ থেকে পুরোদমে প্রাক-নিবন্ধন শুরু হয়। আগামী ৩০ মে পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২৯ মার্চ রাত ৮টা পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৮৮ হাজার ২০৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৬১৮ জন প্রাক-নিবন্ধন করেছেন। আর সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৪১০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১১ হাজার ২৯৫ জন ডাটা এন্ট্রি করেছেন, যা মোট কোটা থেকে ১০ হাজার ৯৪৭ জন বেশি।

জানা যায়, কোটা অনুযায়ী এক লাখ এক হাজার ৭৫৮ জনই হজের প্রাক-নিবন্ধনের সুযোগ পাবেন।ডাটা অ্যান্ট্রি করেও যারা এবার প্রাক-নিবন্ধন করতে পারবেন না, তারা পরের বছরের শুরুতেই প্রাক-নিবন্ধনের সুযোগ পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৭৫২ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হচ্ছে হজযাত্রীদের।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।