বাজার কমিটির সভাপতির বাড়ি থেকে ৪০ মণ জাটকা জব্দ


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ০৪ এপ্রিল ২০১৬

বরিশাল নগরীর কাশিপুর বাজার কমিটির সভাপতি মাকসুদুর রহমান মাতুব্বরের বাড়ি থেকে ৪০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। সোমবার দুপুরে নগরীর ২৮নং ওয়ার্ডের চহুতপুরের বাড়ি থেকে এসব জাটকা জব্দ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, সপ্তাহ ধরে মাকসুদুর রহমানের বাড়িতে বিভিন্ন স্থান থেকে ড্রাম ভর্তি জাটকা আনা হচ্ছে। এই জাটকা এখানে এনে বরফ দিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে র‌্যাব এবং মৎস্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত হয়ে পাচারের উদ্দেশ্যে আনা ১৭টি ড্রামে ৪০ মণ জাটকা জব্দ করে।
 
খবর পেয়ে মাকসুদুর রহমান এবং তার সহযোগীরা অভিযানের আগেই পালিয়ে যায়। এ ঘটনায় মাকসুদুর রহমানকে প্রধান আসামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত এসব জাটকা এতিম খানায় বিতরণ করা হয়েছে বলে জানান মৎস্য কর্মকর্তা বিমল দাস।

সাইফ আমীন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।