সিলেটে পরিবহন ধর্মঘট চলছে


প্রকাশিত: ০৮:৫২ এএম, ০৬ এপ্রিল ২০১৬

সিলেট-সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়ক এবং সিলেট-গোয়াইনঘাট সড়ক সংস্কার-পুনঃনির্মাণের দাবিতে বুধবার সকাল থেকে পরিবহন সংশ্লিষ্ট ১১টি সংগঠনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। সকাল থেকে এ দুটি সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। আন্দোলনকারীরা অবস্থান নিয়েছেন বিভিন্ন পয়েন্টে।

সালুটিকর পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইকলাল আহমদ জানান, সকাল থেকে সিলেট-কোম্পানীগঞ্জ এবং সিলেট-গোয়াইনঘাট সড়কে ধর্মঘট শুরু হয়েছে। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা বিমানবন্দর বাইপাস, ধোপাগুল, রঙ্গিটিলা ও সালুটিকর এলাকায় অবস্থান নিয়েছেন।

তিনি আরও জানান, সড়ক সংস্কার ও পুনঃনির্মাণের নির্ধারিত তারিখ না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। অপর এক প্রশ্নের জবাবে ইকলাল বলেন, প্রাথমিকভাবে তারা কেবল এ দুটি রুটে ধর্মঘট পালন করবেন। ৮ এপ্রিলের মধ্যে দাবি মানা না হলে তারা পরবর্তীতে সওজ অধিদফতর ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Sylhet

কোম্পানীগঞ্জ সড়কের ব্যবসায়ী জফির উদ্দিন জানান, সকাল থেকে এ সড়কে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। যাত্রীবাহী তো দূরের কথা, ওষুধবাহী যানবাহনও সড়ক দিয়ে চলাচল করতে দেয়া হচ্ছে না।

সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক কাভার্ড ভ্যান মালিক গ্রুপ, সালুটিকর-কোম্পানীঞ্জ-গোয়াইনঘাট বাস মালিক সমিতি, আম্বরখানা-সালুটিকর-কোম্পানীগঞ্জ সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ৭০৭, ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমিতি, ধোপাগুল পাথর ব্যবসায়ী মালিক সমিতি, সালুটিকর পাথর ব্যবসায়ী মালিক সমবায় সমিতি, ছালিয়া সবুজ বাংলা যুব সংঘ, রঙ্গিটিলা সমাজ কল্যাণ সংস্থা, গোধুলী সমাজ কল্যাণ সংস্থা এবং খাদিম নগর ছাত্র কল্যাণ সংস্থা সড়ক সংস্কারের দাবিতে এ ধর্মঘটের ডাক দেয়।

কর্মসূচির অংশ হিসেবে আন্দোলনকারীরা ৮ এপ্রিল সিলেটের জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ অধিফতরের (সওজ) কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন।

ছামির মাহমুদ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।