১ ফেব্রুয়ারি ঢাবিতে শুরু হচ্ছে ‘জাতীয় কবিতা উৎসব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ৩০ জানুয়ারি ২০২৫

দুই দিনব্যাপী ‘জাতীয় কবিতা উৎসব ২০২৫’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় কবিতা পরিষদ। স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা- এই প্রতিপাদ্য সামনে রেখে ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হবে এই কবিতা উৎসব।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উৎসব কর্মসূচি ঘোষণা করেন জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক কবি মোহন রায়হান।

কর্মসূচির বিষয়ে তিনি জানান, ফেব্রুয়ারির ১ তারিখ সকাল ৯টায় উৎসব চত্বর থেকে র‍্যালি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং পটুয়া কামরুল হাসানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে।

পরবর্তীতে সকাল ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের মা মনোয়ারা বেগম মূল আয়োজনের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মূল আলোচক হিসেবে থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও রাষ্ট্রচিন্তক ড. সলিমুল্লাহ খান।

এদিকে, জাতীয় কবিতা উৎসবের অনুষ্ঠানে দুইদিনের সূচিই নিবন্ধিত কবিদের স্বরচিত কবিতা পাঠ, আমন্ত্রিত কবিদের কবিতা পাঠ, দেশের খ্যাতিমান আবৃত্তিকারদের আবৃত্তি, কবিতার গান, নৃত্য, সেমিনার ইত্যাদি দিয়ে সাজানো হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

কবি মোহন রায়হান বলেন, বিগত ১৬ বছরে ফ্যাসিস্টদের দখলে থাকা জাতীয় কবিতা পরিষদকে মুক্ত করে আমরা এবার মুক্ত-স্বাধীন, অবাধ ও নিরপেক্ষভাবে সর্বসাধারণের জন্য জাতীয় কবিতা উৎসবের আয়োজন করেছি। আমাদের এবারের উৎসবের স্লোগানও তাই ‘স্বাধীনতা সাম্য ও সম্প্রীতির জন্য কবিতা’। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই সংগ্রামে দেশ ও জনগণের পাশে থেকে সত্য-সুন্দরের সাহসী উচ্চারণ ও ভূমিকা পালনই হবে জাতীয় কবিতা পরিষদের কবিদের মূল লক্ষ্য। নতুন প্রজন্মের জন্য একটি নতুন কাব্য আন্দোলন গড়ে তুলতে জাতীয় কবিতা পরিষদ নিরলসভাবে কাজ করে যাবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উৎসবের যুগ্ম আহ্বায়ক কবি রেজাউদ্দিন স্টালিন ও যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা।

এ সময় উপস্থিত ছিলেন উৎসবের সমন্বয়ক কবি মানব সুরত, কবি শ্যামল জাকারিয়া, কবি নুরুন্নবী সোহেল, কবি কামরুজ্জামান, কবি রফিক হাসান, কবি আসাদ কাজল, কবি এ বি এম সোহেল রশিদ, কবি রোকন জহুর প্রমুখ।

আরএএস/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।