মিরপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ৩১ জানুয়ারি ২০২৫

রাজধানীর মিরপুর মডেল থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বরকত হোসেন রোমানকে গ্রেফতার করেছে র‍্যাব-২।

শুক্রবার (৩১ জানুয়ারি) র‍্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।

তিনি বলেন, আসামি বরকত হোসেন রোমান ও ভুক্তভোগী নারী পূর্বপরিচিত। ঘটনার দিন আসামি ওই নারীকে পিসি কালচার হাউজিং এলাকা থেকে ঘুরতে যাওয়ার কথা বলে মিরপুর এলাকায় তার এক বন্ধুর ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে।

ধর্ষণের পর ভুক্তভোগী নারী অসুস্থ হয়ে পড়লে তাকে সিএনজি অটোরিকশায় বাসায় পৌঁছে দেওয়া হয়। পরে ভুক্তভোগীর বাবা মেয়েকে একটি হাসপাতালে নিয়ে যান।

পরবর্তীতে ওই নারীর বাবা বাদী হয়ে মিরপুর মডেল থানায় দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

এ মামলায় আসামি রোমান আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার হয়ে এক বছর হাজতে থাকার পর জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান।

এএসপি খান আসিফ তপু আরও বলেন, পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। আদালত বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং এক লাখ টাকা জরিমানা দিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারির পর থেকে আসামি বরকত হোসেন রোমান দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে রয়েছেন বলে তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৩০ জানুয়ারি রাতে রাজধানীর গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

টিটি/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।