ইসি নিরপেক্ষতা হারিয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অপতৎপরতা চলছে: এনসিপি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৭ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা/ছবি জাগো নিউজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন বলেছেন, নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করা এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা অপতৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

মনিরা শারমিন বলেন, আমরা দেখছি ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ধরনের নির্বাচন প্রভাবিত করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহার করে এবং যেখানে স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান হিসেবে, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রাখার কথা সেটি কিন্তু তারা রাখছে না। তারা একটি দলের হয়ে কাজ করছে। পুলিশ-প্রশাসনও একটি দলের হয়ে কাজ করছে। তাহলে আলটিমেটলি আমরা কী দেখছি সামনে? তার মানে একটি দলকে নির্বাচিত করার জন্য অলরেডি রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করছে। আমি বলতে চাই যে মিডিয়াও এর বাইরে না। আমরা দেখছি যে মিডিয়া নগ্নভাবে একটি দলকে সাপোর্ট করছে এবং মিডিয়ার সিইও এবং মিডিয়ায় একদম উচ্চপদস্থ সব জায়গায় কিন্তু দখল হয়ে গেছে একটি দলের।

তিনি বলেন, আমরা শুনলাম যে একটি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলছেন যে বিএনপি সরকার গঠন করলে হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। দেখেন ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হলো, কিন্তু আমরা পত্রপত্রিকা থেকে আবার জানলাম যে ব্যাংকগুলো কাছে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক। তার (পরিচালক) ব্যক্তিগত চাহিদাপত্রের ভিত্তিতেই এই পরিচালক কিন্তু এই ১০ হাজার টাকা পর্যন্ত যে কৃষিঋণ এই তথ্যটি সে চেয়েছে।

এনসিপি নেত্রী আরও বলেন, আমরা দেখছি যে নির্বাচনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হচ্ছে। এই তথ্য চাওয়া এবং এই তথ্য নিয়ে একটি দলকে সহযোগিতা করা, নির্বাচনকে কেন্দ্র করে এটি তো আসলে কোনোভাবেই কোনো নির্বাচনি আচরণবিধি বলেন বা একটা দেশের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটি কোনোভাবে একটা ভালো বার্তা দেয় না।

তিনি আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ পার পাবে না এবং এটি নিয়ে আমাদের এনসিপি এবং ১১ দলীয় জোট কঠোরভাবে দেখছি। আমরা এটি নিয়ে রাজপথে আন্দোলন করবো এবং আমরা কিন্তু নির্বাচনের পর্যন্ত আমরা খুব ধৈর্য সহকারে বিষয়গুলো দেখছি।

এনএস/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।